ক্লাবের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ – হাবরা পুলিশের হাতে গ্রেফতার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, গাড়ি লক্ষ্য করে ডিম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: সোমবার ২২,জুন :: আর্থিক তছরুপের অভিযোগে এবার পুলিশের জালে জেলা পরিষদের এক প্রভাবশালী সদস্য।

নারায়ণপুর সেবা সংঘ ক্লাবের লক্ষ লক্ষ টাকার আর্থিক তছরুপের মামলায় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তীকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণপুর সেবা সংঘ ক্লাবের বিপুল অঙ্কের টাকা তছরুপের অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন ধরেই। সেই মামলার তদন্তে নেমে আজ হাবরা থানার পুলিশ জ্যোতি চক্রবর্তীকে গ্রেফতার করে।

তিনি এই আর্থিক কেলেঙ্কারির সাথে সরাসরি যুক্ত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জ্যোতি চক্রবর্তীর গ্রেফতারির খবর চাউর হতেই নারায়ণপুর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত গ্রামবাসীরা দলে দলে পথ অবরোধ ও বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পুলিশ যখন ধৃত কর্মাধ্যক্ষকে নিয়ে যাওয়ার তোড়জোড় করছিল, ঠিক তখনই ক্ষোভে ফেটে পড়ে জনতা। পুলিশের গাড়ি লক্ষ্য করে দেদার ডিম ছুঁড়তে শুরু করেন উত্তেজিত গ্রামবাসীরা। চারদিক থেকে ধেয়ে আসতে থাকে ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =