বর্ধমান পৌরসভায় পদত্যাগের হিড়িক! শেফালী বেগমের ইস্তফায় জোর জল্পনা, ভাঙনের মুখে কি পৌরবোর্ড?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৫,জুন :: বর্ধমান পৌরসভায় ফের কাউন্সিলর পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেফালী বেগম তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার আবেদন জানিয়ে চেয়ারম্যানের কাছে লিখিত চিঠি জমা দিয়েছেন বুধবার।

উল্লেখ্য, কয়েকদিন আগেই কাউন্সিলর শেফালী বেগমের বাড়িকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ ও জনরোষের ঘটনা সামনে এসেছিল, কাউন্সিলরের পদত্যাগের দাবি চেয়েছিল তা স্থানীয়রা।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এর আগে বর্ধমান পৌরসভার আর এক কাউন্সিলর পামেলা চট্টোপাধ্যায়ও পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরপর দুই কাউন্সিলরের ইস্তফায় পৌর প্রশাসনের অন্দরে অস্বস্তি বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই ঘটনা প্রবাহের সঙ্গে রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্রের সাম্প্রতিক মন্তব্যের যোগ রয়েছে কি না, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে।

দু’দিন আগে বর্ধমানের এক অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে বলেছিলেন, শহরের ৩৫টি ওয়ার্ডেই উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হচ্ছে না। কাজ না করলে কাউন্সিলরদের পদত্যাগ করে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।

তার ঠিক দু’দিনের মধ্যেই এক কাউন্সিলরের পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। প্রশ্ন উঠছে, বর্ধমান পৌরসভার অন্দরে কি ক্রমশ বাড়ছে অসন্তোষ? পরপর পদত্যাগের ঘটনায় কি চাপে পড়তে চলেছে পৌরবোর্ড? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =