নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বৃহস্পতিবার ২৫,জুন :: এবার গোটা হাটের জমিই তৃণমূল কংগ্রেস নেতার নামে করে নেওয়ার অভিযোগ উঠল ফালাকাটায়।
জানা গেছে,ফালাকাটা ২ গ্রাম পঞ্চায়েতের শিশাগোড় বাজারের পুরো তিন বিঘা জমি স্থানীয় তৃণমূল নেতা পলাশ মন্ডল,তার বাবা সুবল মন্ডল ও নিকট আত্মীয় আনন্দ সরকারের নামে রেকর্ড হয়েছে।
হাট কমিটি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,২০১৪ সালে তৃণমূলের প্রভাব খাটিয়ে এই জমি নিজেদের নামে ওই নেতা করে নেন ৷ পলাশ মন্ডল এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন। তাই এতদিন এব্যাপারে কেউ অভিযোগ তোলার সাহস পাননি।
কিন্তু পালা বদল হতেই এখন সবাই সরব হন। সম্প্রতি হাট কমিটি গঠিত হয়। হাটের জমি মাপজোক হয়। তাতেই দেখা যায় সুবল মন্ডলের নামে ৪০ ডেসিমেল,পলাশ মন্ডলের নামে ৫৯ ডেসিমেল ও আনন্দ সরকারের নামে ৮ ডেসিমেল জমি রেকর্ড হয়েছে। এই গোটা কাজ অবৈধভাবে হয় বলে অভিযোগ।
তাই বুধবার হাট কমিটির তরফে ফালাকাটার বিএলএলআরও,আইসি ও বিডিওর কাছে লিখিতভাবে জমির যাবতীয় নথিপত্র দিয়ে অভিযোগ জানানো হয়।
প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। হাট কমিটির সভাপতি ভবেশ চন্দ্র বালো ও সম্পাদক বিষ্ণুপদ সরকার জানান,ভূমি দপ্তরের তৎকালীন আধিকারিক ও কর্মীদের মদত ছাড়া এই দুর্নীতি হয়নি।

