নলহাটিতে শুরু বিজেপির দু’দিনের ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান’, ২৮ জুন পর্যন্ত চলবে কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: রবিবার ২৮,জুন :: ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নলহাটির শুভদৃষ্টি লজে শুক্রবার (২৭ জুন) থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান’। আগামী ২৮ জুন পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির।

দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আদর্শভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচির প্রমুখ হিসেবে দায়িত্ব পালন করছেন রাজ্য কমিটির সদস্য বিপ্লব কুমার ওঝা।শিবিরে দলীয় নেতা-কর্মীদের সামনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ ও দর্শন, সংগঠনের কাঠামো, বুথ পরিচালনা, জনসংযোগ, সদস্য সংগ্রহ, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার এবং আসন্ন নির্বাচনী প্রস্তুতি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের দাবি, এই প্রশিক্ষণ মহাঅভিযানের মূল উদ্দেশ্য হল দলীয় কর্মীদের আরও দক্ষ, সুসংগঠিত ও আদর্শনিষ্ঠ করে তোলা, যাতে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে পারেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্ষম হন।

দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, মতবিনিময় ও প্রশিক্ষণমূলক অধিবেশন অনুষ্ঠিত হবে। জেলা ও মণ্ডল স্তরের বিজেপি নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করছেন।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ও প্রশিক্ষণ কর্মসূচির প্রমুখ বিপ্লব কুমার ওঝা, বীরভূম সাংগঠনিক জেলার সদস্য সেন্টু ঘোষ, জেলা কমিটির সদস্য হিরণ্ময় বিশ্বাস, জেলা কমিটির সদস্য মহাপ্রসাদ লেট বিষ্ণু, বিজেপির প্রবীণ কার্যকর্তা রামগোপাল ভট্ট এবং নলহাটি মণ্ডল সভাপতি সজল ঘোষ-সহ দলের একাধিক নেতা ও কর্মী।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তৃণমূল স্তরে সংগঠনকে আরও সুসংহত ও সক্রিয় করে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =