তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ২৮,জুন :: তৃণমূল নেতা দিলীপ বর্মনকে কোমরে দড়ি বেঁধে বাজারে ঘোরানো এবং মারধরের একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের শীতলকুচি বিধানসভা এলাকার কেদারহাট বাজারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি দিলীপ বর্মনের কোমরে দড়ি বেঁধে বাজারে ঘোরানোর পাশাপাশি তাঁকে মারধর করছেন।

অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর কেদারহাট বাজার এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের দোকান ভাঙচুর ও মারধরের ঘটনায় দিলীপ বর্মনের নামও জড়িয়েছিল।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ঘটনা প্রসঙ্গে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিত্রী বর্মন বলেন, “ক্ষমতায় থাকাকালীন তৃণমূলের কিছু নেতা মানুষের ওপর অত্যাচার করেছেন। তবে এ ধরনের ঘটনা কখনওই সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।

কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনের মাধ্যমেই ব্যবস্থা নেওয়া উচিত। বিষয়টি খতিয়ে দেখে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় মণ্ডল সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 12 =