নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডোমজুড় :: সোমবার ২৯,জুন :: ডোমজুড়ের সাপুঁইপাড়া–বসুকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রোমোটার সুজন কান্তি দেওয়ানজীর বিরুদ্ধে জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক দরিদ্র মাছ বিক্রেতার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, কয়েক বছর আগে একটি জমি দেখিয়ে সেটি রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়া হয়।
পরে জানানো হয়, বাকি টাকা পরিশোধ করলেই জমির রেজিস্ট্রি হবে। কিন্তু অভিযোগ, যে জমি দেখানো হয়েছিল সেটি বুক সমান জল ও জঙ্গলে ভরা। দীর্ঘ সময় কেটে গেলেও জমির কোনো বৈধ কাগজপত্র বা রেজিস্ট্রি করা হয়নি।
এরপর ক্ষতিগ্রস্ত পরিবারটি জমি না নিয়ে টাকা ফেরত চাইলে, অভিযোগ অনুযায়ী প্রোমোটার বলেন, তাঁরা কোনো টাকা দেননি এবং টাকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। অভিযোগকারী দরিদ্র মাছ বিক্রেতার বক্তব্য, “তখন কোনো কাগজ দেওয়া হয়নি। আমরা সাদাসিধে মানুষ, এত কিছু বুঝিনি। বিশ্বাস করেই টাকা দিয়েছিলাম।”
অভিযোগকারীদের আরও দাবি, বিষয়টি সে সময় তৎকালীন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল এবং পঞ্চায়েত সদস্য সুব্রত (বাপন) আচার্য-কে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে একাধিক স্থানীয় বাসিন্দাকে সঙ্গে নিয়ে তাঁরা ফের টাকা ফেরতের দাবি জানিয়েছেন।
এছাড়াও, প্রোমোটার সুজন কান্তি দেওয়ানজীর বিরুদ্ধে এলাকায় একটি বেআইনি জলের প্ল্যান্ট নির্মাণের অভিযোগও রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

