মায়াপুর ইসকনের জগন্নাথ মন্দিরে চলছে স্নানযাত্রা – স্নানের পর জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হবেন জগন্নাথ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: সোমবার ২৯,জুন :: ঐতিহ্যের আবহে পালিত হল মায়াপুরের ইসকনের রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ স্নানযাত্রা উৎসব। আমের পরেই জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হয়ে থাকবেন, জগন্নাথ ,বলদেব ও সুভদ্রা মহারানী।

ভোর থেকেই ইসকনের রাজাপুর মন্দিরে দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে স্নানযাত্রাকে ঘিরে। উৎসব মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। হরিনাম সংকীর্তন, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে এই স্নানযাত্রা উৎসব।

শাস্ত্রসম্মত নিয়ম মেনে পবিত্র গঙ্গাজল, চন্দন, দুধ, দই, মধু, ঘি, নারকেলের জল ও সুগন্ধি দ্রব্য দিয়ে জগন্নাথ, বলদেব ও সুভদ্রার স্নান যাত্রা সম্পন্ন হচ্ছে। নির্দিষ্ট নিয়ম মেনে বহু ভক্ত স্নানযাত্রায় যোগ দিয়েছে। স্নানযাত্রা জগন্নাথ সংস্কৃতির অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব।

পুরাণ মতে, রাজা ইন্দ্রদ্যুম্নের সময় থেকেই এই উৎসবের প্রচলন। বিশ্বাস করা হয়, স্নানের পর অতিরিক্ত জলস্নানের কারণে ভগবান অসুস্থ হয়ে পড়েন। তাই স্নানের পর তাঁকে ‘অনসর’ কক্ষে বিশ্রামে নিয়ে যাওয়া হয়। এবং আজকের পর থেকে আগামী এক পক্ষকাল দিন সময় সাধারণ ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকবে।

পরে ‘নবযৌবন দর্শন’-এর মাধ্যমে পুনরায় দর্শন দিয়ে রথে আরোহণ করবেন জগন্নাথদেব। স্নানপর্বের শেষে ভগবানকে ঐতিহ্যবাহী গজবেশে সজ্জিত করা হয়, যা দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। এই বিশেষ রূপ দর্শনের জন্য মন্দির চত্বরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন অসংখ্য ভক্ত।

দিনভর মন্দিরে হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, বিশেষ ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ এবং বিভিন্ন বৈষ্ণব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মায়াপুরের এই স্নানযাত্রা উপলক্ষে দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে আন্তর্জাতিক ভক্তি সাধনার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =