রিষড়ার রামনবমী হিংসা মামলায় এনআইএ-র জালে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি

জাকির আলী  :: সংবাদ প্রবাহ :: রিষড়া :: মঙ্গলবার ৩০,জুন :: হুগলির রিষড়ায় ২০২৩ সালের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

মঙ্গলবার এনআইএ রিষড়া পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেতা শাকির আলিকে গ্রেপ্তার করেছে। তিনি প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার -এর স্বামী হিসেবেও পরিচিত।

তদন্তকারী সংস্থার দাবি, ২০২৩ সালের রামনবমী উপলক্ষে রিষড়ায় যে ব্যাপক অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই মামলার তদন্তে শাকির আলির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে এসেছে।সেই সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের রামনবমী শোভাযাত্রার সময় হুগলির রিষড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা সামনে আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীকালে ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। এনআইএ সূত্রে খবর, দীর্ঘ তদন্তের পর বিভিন্ন সাক্ষ্য, ডিজিটাল তথ্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে শাকির আলির ভূমিকা নিয়ে সন্দেহ জোরদার হয়।

সেই কারণেই এদিন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই গ্রেপ্তারের ফলে ঘটনার নেপথ্যের আরও তথ্য সামনে আসতে পারে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানাতে শুরু করেছে।

অন্যদিকে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রামনবমী হিংসা মামলায় এই গ্রেপ্তারি আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

একই সঙ্গে এনআইএ-র তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেও নজর রয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের। বর্তমানে শাকির আলিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাতে পারে এনআইএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + six =