নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: মঙ্গলবার ৩০,জুন :: নদিয়ার শান্তিপুরে স্কুলের ছাদে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েত এলাকার একটি সরকারি বিদ্যালয়ের ছাদ থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ছাদে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ দুটি তাজা বোমা উদ্ধার করে।
মঙ্গলবার পুলিশ, বোম স্কোয়াড, দমকলের একটি ইঞ্জিন এবং একটি মেডিকেল টিমের উপস্থিতিতে শান্তিপুর থানা এলাকার একটি নিরাপদ স্থানে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়।
গোটা প্রক্রিয়া নিরাপত্তা বিধি মেনেই সম্পন্ন হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টার মধ্যেই এই বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে শান্তিপুর থানা এলাকায় একাধিকবার তাজা বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সরকার পরিবর্তনের পরও এলাকায় দুষ্কৃতীদের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ উঠছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং কারা বিদ্যালয়ের ছাদে বোমা মজুত করেছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পুলিশ ইতিমধ্যেই অ্যাকশন মোডে নেমেছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে টহলদারি ও তল্লাশি অভিযানও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

