নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ০১,জুলাই :: হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতি অরবিন্দ দাসকে ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার হাওড়া স্টেশন চত্বরে নিয়ে এলে উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, ক্ষুব্ধ জনতার একাংশ তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি, অবৈধ দোকান বসানো, মাদক ব্যবসা এবং সাধারণ মানুষকে হেনস্তা-সহ একাধিক অভিযোগে গত শনিবার শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় অরবিন্দ দাসকে। পরে তাঁকে হাওড়া আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
তদন্তের স্বার্থে তাঁকে হাওড়া স্টেশন চত্বরে নিয়ে গেলে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের জেরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় আইনশৃঙ্খলা ভঙ্গ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে অভিযুক্তের নাম জড়িয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত চলছে এবং বিষয়টি আদালতের বিচারাধীন।

