দক্ষিণ ২৪ পরগনার ফলতায় আবাস প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ফলতা :: বুধবার ০১,জুলাই :: দক্ষিণ ২৪ পরগনার ফলতায় আবাস প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা।

তাঁর দাবি, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মজলিশপুর এলাকায় আবাস প্রকল্পের উপভোক্তাদের তালিকায় একাধিক গুরুতর অসংগতি ধরা পড়েছে, যা বড়সড় দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে।

বিধায়কের অভিযোগ, তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে সংগ্রহ করা সরকারি নথি খতিয়ে দেখার পরই এই গরমিল সামনে আসে।

দেখা যায়, বহু প্রকৃত উপভোক্তার নাম সরকারি তালিকায় নেই। অথচ যাঁরা দীর্ঘদিন ধরে আবাসের আশায় অপেক্ষা করছেন, তাঁদের অনেকেই বঞ্চিত। আরও চাঞ্চল্যকর বিষয়, তালিকার একাধিক স্থানে প্রকৃত নামের পরিবর্তে ‘ZZZ’ কিংবা ‘FFF’-এর মতো অস্বাভাবিক শব্দ লেখা রয়েছে।

এই অদ্ভুত নামগুলি কীভাবে সরকারি নথিতে এল, তা নিয়েই উঠেছে বড় প্রশ্ন। স্থানীয়দের একাংশের অভিযোগ, ভুয়ো নাম ব্যবহার করে সরকারি টাকা আত্মসাৎ করার চেষ্টা হয়ে থাকতে পারে।

বিধায়ক দেবাংশু পান্ডা দাবি করেছেন, বিষয়টি নিছক প্রশাসনিক ত্রুটি নয়; এর পেছনে বড় কোনও দুর্নীতির চক্র কাজ করতে পারে।

তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এখন প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 12 =