নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: বৃহস্পতিবার ২,জুলাই :: চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের ধর্মপোতা এলাকায় কেঠিয়া খালের উপর নির্মিত বাঁশের সাঁকোটি টানা কয়েকদিনের বৃষ্টিতে জলের তলায় তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা।
সাঁকোটি ভেসে যাওয়ায় একাধিক গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, এখন প্রয়োজনীয় কাজে যেতে হলে ১০ থেকে ১২ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
এর ফলে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, রোগী, কর্মজীবী মানুষসহ সাধারণ গ্রামবাসীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। খালের অপর প্রান্তে থাকা পঞ্চায়েত পরিচালিত স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, প্রতি বর্ষাতেই অস্থায়ী সাঁকো ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই সমস্যার স্থায়ী সমাধানে কেঠিয়া খালের উপর একটি পাকা সেতু নির্মাণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, একটি স্থায়ী সেতু নির্মিত হলে বহু গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা দূর হবে এবং জরুরি পরিষেবাও সহজলভ্য হবে।

