নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: শনিবার ৪,জুলাই :: জমি অধিগ্রহণের পাঁচ বছর পেরিয়ে গেল। সেই জমিতে কয়লা উৎপাদনও পুরোদমে চলছে। অথচ জমির বিনিময়ে প্রতিশ্রুত চাকরি আজও অধরা।
এই অভিযোগে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর সোনপুর বাজারি এরিয়া অফিসের প্রধান ফটকের সামনে অনির্দিষ্টকালের ধর্না ও বিক্ষোভে সামিল হলেন প্রায় ৪২ জন জমিদাতা এবং তাঁদের পরিবারের সদস্যরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে ইসিএল তাঁদের জমি অধিগ্রহণ করে। জমি হস্তান্তরের সময় চাকরির আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
ইতিমধ্যে অধিগৃহীত জমিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়ে গেলেও চাকরির দাবিতে তাঁদের বারবার অফিসের দ্বারস্থ হতে হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, একাধিকবার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু সমস্যার সমাধান তো দূরের কথা, বারবার নতুন কাগজপত্র চেয়ে শুধু হয়রানিই করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পরও কোনও নির্দিষ্ট সময়সীমা বা লিখিত আশ্বাস না মেলায় ক্ষোভ চরমে পৌঁছেছে বলে দাবি তাঁদের।
ধর্নায় উপস্থিত জমিদাতা মিলন ঘোষ বলেন, “আজ শুধু জমিদাতারাই নন, তাঁদের পরিবারের সদস্যরাও আন্দোলনে যোগ দিয়েছেন। আমরা আর কোনও আশ্বাস বা টালবাহানা শুনতে রাজি নই। যতদিন না হাতে চাকরির নিয়োগপত্র পাচ্ছি, ততদিন এই আন্দোলন চলবে। প্রয়োজনে বৃহত্তর গণআন্দোলনে নামব।”
বিক্ষোভকারীরা আরও জানান, দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। তাঁদের অভিযোগ, জমি হারিয়ে জীবিকার প্রধান অবলম্বনও হারিয়েছেন অনেক পরিবার। ফলে চাকরিই এখন তাঁদের বেঁচে থাকার একমাত্র ভরসা।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

