নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৪,জুলাই :: দুর্গাপুরের নামো সগরভাঙা সংলগ্ন একটি বেসরকারি ইস্পাত কারখানার চার নম্বর গেট অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা ও বিএমএস (ভারতীয় মজদুর সংঘ)-এর কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, স্থানীয়দের কাজ না দিয়ে বহিরাগতদের নিয়োগ করছে কারখানা কর্তৃপক্ষ।
আন্দোলনকারীদের দাবি, কারখানার জন্য এলাকার মানুষের জমি অধিগ্রহণ হয়েছে এবং দীর্ঘদিন ধরে দূষণেরও শিকার হচ্ছেন স্থানীয়রা।
তা সত্ত্বেও কর্মসংস্থানের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতির প্রতিবাদেই গেট অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। তাঁদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিক্ষোভের জেরে শুক্রবার সকাল থেকেই কারখানার চার নম্বর গেট সংলগ্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। এদিকে, বেসরকারি কারখানা কর্তৃপক্ষের সমালোচনা করে বিজেপির দুর্গাপুর পশ্চিম ৩ নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ পাণ্ডে অভিযোগ করেন,
তৃণমূল আমলের অভ্যাস এখনও বদলাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে। অন্যদিকে, আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে এবং স্থানীয়দের কর্মসংস্থান থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

