স্কুলের ইউনিফর্মেই সিঁদুর দান – নয়াবাজার হাইস্কুলের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে স্কুলের নজরদারি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গারামপুর :: শনিবার ৪,জুলাই :: স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীকে সিঁদুর পরালো একাদশ শ্রেণীর ছাত্র! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই বিয়ের ভিডিওকে ঘিরে তোলপাড় দক্ষিণ দিনাজপুর। চাঞ্চল্যকর ঘটনাটি গঙ্গারামপুরের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের।

তবে স্কুল চলাকালীন সময়ে ইউনিফর্ম পরে কিভাবে স্কুলের ভেতরে ওই দুই ছাত্র ছাত্রী বিয়ে করল তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও সিদুরের তত্ত্বকে উড়িয়ে দিয়ে রঙ লাগানো হয়েছে এমন তত্ত্ব সামনে এনে দুই পড়ুয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কতৃপক্ষ।
গঙ্গারামপুরের এই নয়াবাজার উচ্চ বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। বহু পুরনো এই স্কুলটিতে পড়াশোনায় যথেষ্ট সুখ্যাতিও রয়েছে। যে স্কুলেরই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

যে ভিডিওতে দেখা যাচ্ছে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির এক ছাত্র সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন। স্কুল চলাকালীন সময়ে এবং স্কুলের মধ্যেই এমন কাণ্ডের ভিডিও রীতিমতো সামাজিক মহলে তোলপাড় ফেলেছে। উঠেছে স্কুল কতৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন।

যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, তাদের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটেছে। ঘটনা জানবার পরেই স্কুলের ওই দুই পড়ুয়াকে কিছুদিনের জন্য সাসপেন্ড করেছে স্কুল কতৃপক্ষ।

স্কুলের প্রাক্তন ছাত্র বাপ্পা সূত্রধর বলেন, অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। পুরনো এই স্কুলের গরিমা নষ্টের চেষ্টা হয়েছে। স্কুল শিক্ষকদের সাথে সাথে তারা কথা বলেছেন এবং এ ব্যাপারে স্কুল কতৃপক্ষের উপর ভরসা রেখেছেন প্রয়োজনীয় পদক্ষেপের জন্য।

নয়াবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ রায় বলেন, স্কুল ছুটি হবার পর এই কান্ড ঘটিয়েছে দুই ছাত্র-ছাত্রী। তবে সেটি সিদুর নয়, রঙ ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যে ওই দুই ছাত্র ছাত্রীর অভিভাবককে ডেকে তাদের কিছুদিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =