সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৬,জুলাই :: রবিবার সন্ধ্যায় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রসেনজিত চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসভবনে আচমকাই পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই আকস্মিক সফরকে ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। যদিও এই সাক্ষাৎ নিয়ে সরকার বা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও রাজনৈতিক বার্তা দেওয়া হয়নি।
সূত্রের খবর, নির্ধারিত কর্মসূচির ফাঁকে অমিত শাহ প্রসেনজিতের বাড়িতে যান এবং সেখানে কিছু সময় কাটান। সৌজন্য সাক্ষাৎ, বাংলা চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি, সংস্কৃতি এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
অমিত শাহের এই সফরের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ মনে করছেন এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, আবার কেউ এর পিছনে বৃহত্তর সাংস্কৃতিক বা সামাজিক যোগাযোগের দিকটি দেখছেন। যদিও এসবই এখন অনুমান; কোনও পক্ষই রাজনৈতিক উদ্দেশ্যের কথা স্বীকার করেনি।
প্রসেনজিত চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রভাবশালী মুখ। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের সঙ্গে তাঁর সৌজন্যমূলক সম্পর্ক রয়েছে বলেই পরিচিত। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে অনেকেই ব্যক্তিগত সৌজন্য হিসেবেও দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে জাতীয় স্তরের নেতাদের সাক্ষাৎ নতুন কোনও ঘটনা নয়। তবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এমন একটি সাক্ষাৎ স্বাভাবিকভাবেই জল্পনার উৎস তো বটেই ।

