নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: মঙ্গলবার ৭,জুলাই :: সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে দিনহাটার বিধায়ক অজয় রায় শুরু করলেন ‘জনতার দরবার’ কর্মসূচি। মঙ্গলবার চৌধুরীহাট বাজারে একটি শিবিরের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়।
শিবিরে বিধায়ক অজয় রায় নিজে উপস্থিত থেকে এলাকার বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি প্রতিটি সমস্যার সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিন অসংখ্য মানুষ তাঁদের নানাবিধ দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। কারও অভিযোগ এলাকার বেহাল রাস্তা নিয়ে, কোথাও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি, আবার কেউ অন্যান্য নাগরিক পরিষেবার অভাবের বিষয়টি তুলে ধরেন।
এছাড়াও এক বাসিন্দা বামনহাট–চৌধুরীহাট–দিনহাটা রুটে সরকারি বাস পরিষেবার অনুপস্থিতির বিষয়টি বিধায়কের নজরে আনেন। আবাস যোজনার ঘরসহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও দাবি জানান স্থানীয়রা।
সব অভিযোগ ও দাবি গুরুত্ব সহকারে শোনেন বিধায়ক অজয় রায়। তিনি জানান, প্রতিটি বিষয় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধান করাই এই ‘জনতার দরবার’ কর্মসূচির মূল উদ্দেশ্য বলেও তিনি উল্লেখ করেন।

