রাত ১টায় বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব – টিন ভাঙচুর, আতঙ্ক বামনহাটে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বৃহস্পতিবার ৯,জুলাই :: রাত প্রায় ১টা নাগাদ দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল দিনহাটা-২ ব্লকের বামনহাট-১ গ্রাম পঞ্চায়েতের ৭/১২২ নম্বর তুরুককাটা বুথ এলাকায়।

অভিযোগ, বিজেপির বুথ সদস্য মোহন বর্মনের বাড়ির বাইরের বেড়ার টিন ভাঙচুর করে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। মোহন বর্মনের দাবি, গত কয়েকদিন ধরে বিজেপি কর্মী অমিত দত্ত হাসপাতালে ভর্তি থাকায় তিনি তার সঙ্গেই ছিলেন।

বুধবার অমিত দত্ত হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরার পর তিনিও নিজের বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১টা নাগাদ হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে টিন ভাঙচুরের আওয়াজ শুনে জানালা খুলতেই দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।

শব্দ শুনে আশপাশের বাসিন্দারাও বাইরে বেরিয়ে আসেন। এক প্রত্যক্ষদর্শীর দাবি, টর্চের আলো পড়তেই কয়েকজন মোটরসাইকেলে চেপে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তার দাবি, ঘটনাস্থলে একটি লাল রঙের গ্ল্যামার মোটরসাইকেল দেখা গিয়েছিল।

মোহন বর্মনের অভিযোগ, অমিত দত্তের উপর হামলার ঘটনায় তিনি পাশে থাকায় সেই হামলাকারীরাই এই ভাঙচুরের ঘটনায় জড়িত থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনো পুলিশে লিখিত অভিযোগ করা হয়নি তবে অভিযোগকারী জানান তারা আজই পুলিশে লিখিত অভিযোগ জানাবেন।

ঘটনার পর এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই হামলার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা, নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলি অভিযোগকারী ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত। পুলিশি তদন্ত হলে প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 8 =