নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: বৃহস্পতিবার ৯,জুলাই :: পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানার চপুই এলাকায় বুধবার এক তরুণীকে ঘিরে ওঠা অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়।
তৃণমূল কংগ্রেস (টিএমসি)-র জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরির ছেলে পবিত্র বাউরির বিরুদ্ধে এক তরুণীকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা, মারধর, অনৈতিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক গ্রামবাসী বিশ্বনাথ বাউরির বাড়ির সামনে জড়ো হয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভ চলাকালীন কয়েকজন বিক্ষোভকারী বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছেন বলেও অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শতাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে দ্রুত জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে যে তথ্য-প্রমাণ মিলবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিক্ষোভকারীদের দাবি, মামলার নিরপেক্ষ তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অভিযোগকারী তরুণীর নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ন্যায়বিচার দেওয়ারও দাবি জানানো হয়েছে।

