অন্ডালের সুভাষ নগরে ইডির ভোরের অভিযান – ইসিএল কর্মীর ছেলের বাড়িতে তল্লাশি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অন্ডাল :: বৃহস্পতিবার ৯,জুলাই :: বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের অন্ডালের সুভাষ নগর এলাকায় হঠাৎই তৎপরতা শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির একটি দল সকাল প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ রাম মল্লিকের বাড়িতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।

জানা গেছে, রাম মল্লিকের বাবা দিলীপ মল্লিক ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর প্রাক্তন কর্মী। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। বাড়ির ভিতরে চলছে নথি খতিয়ে দেখা ।

স্থানীয় সূত্রের দাবি, ইডির আধিকারিকরা বাড়িতে থাকা আর্থিক নথি, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ব্যাঙ্ক লেনদেনের বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন।

তদন্তের স্বার্থে বেশ কিছু নথি ও রেকর্ডও সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই অভিযানের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

এলাকায় জোর জল্পনা, কোনও আর্থিক অনিয়ম বা অর্থ লেনদেন সংক্রান্ত তদন্তের সূত্রেই এই অভিযান চালানো হতে পারে। ইডির অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সুভাষ নগর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ও আশপাশের এলাকা ঘিরে রাখেন। সংবাদ লেখা পর্যন্ত ইডির তল্লাশি অভিযান চলছিল। তদন্তের স্বার্থে ইডির আধিকারিকরা সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − two =