মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা, ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয়ে সচেতনতা শিবির ও পথনাটিকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বৃহস্পতিবার ৯,জুলাই :: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল ফালাকাটার স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি।

বুধবার সংস্থার উদ্যোগে ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

একই সঙ্গে ‘নুতন জীবন’ শীর্ষক একটি পথনাটিকার মাধ্যমে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব, এর সামাজিক পরিণতি এবং প্রতিকারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জটেশ্বর ফাঁড়ির এসআই সন্তোষ রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকাশ ভগত এবং প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শুভজিৎ সাহা।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের উপরও। তাই মাদকের কুফল সম্পর্কে অল্প বয়স থেকেই সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

পাশাপাশি সমাজ থেকে মাদকের অপব্যবহার দূর করতে প্রশাসনের কঠোর ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও জনসচেতনতার গুরুত্বের ওপরও জোর দেন তাঁরা।

অনুষ্ঠান প্রসঙ্গে প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শুভজিৎ সাহা বলেন, “বর্তমান সময়ে যুব সমাজের একাংশ উদ্বেগজনকভাবে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে।

এটি শুধু একটি সামাজিক সমস্যা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। তাই বিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানের শেষে উপস্থিত ছাত্রছাত্রীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়। সচেতনতামূলক এই উদ্যোগকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল সাধুবাদ জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 11 =