গঙ্গাভাঙন কবলিত কিশোরগঞ্জ পরিদর্শনে বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার, স্থায়ী সমাধানের দাবিতে সরব বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: বৃহস্পতিবার ৯,জুলাই :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-দক্ষিণ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার বৃহস্পতিবার পূর্বস্থলী-১ নম্বর ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাভাঙন কবলিত কিশোরগঞ্জ এলাকা পরিদর্শন করেন।

তাঁর সঙ্গে ছিলেন পূর্বস্থলী-১ ব্লকের বিডিও অনন্যা বিশ্বাস, সেচ দপ্তরের আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা। এদিন গঙ্গাবক্ষে নৌকায় করে ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখেন বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা।

নদী ভাঙনের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও পরিদর্শন করা হয়। পরে কিশোরগঞ্জ গ্রামে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙনের কারণে তাঁদের বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। পাশাপাশি ভাঙাচোরা রাস্তা, পর্যাপ্ত আলোর অভাব-সহ একাধিক নাগরিক সমস্যার কথাও প্রশাসনের নজরে আনেন তাঁরা।

বাসিন্দাদের দাবি, কয়েকদিন আগে সরকারি উদ্যোগে প্রায় ৭০০ মিটার এলাকায় বালির বস্তা ফেলে ভাঙন রোধের অস্থায়ী কাজ করা হলেও, স্থায়ী সমাধানের জন্য খাঁচা (গ্যাবিয়ন) ফেলে নদী বাঁধ শক্তিশালী করার ব্যবস্থা করা জরুরি। তাঁদের বক্তব্য, অস্থায়ী ব্যবস্থা দিয়ে দীর্ঘমেয়াদে এই সমস্যার সমাধান সম্ভব নয়।

বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার এলাকাবাসীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং গঙ্গাভাঙন প্রতিরোধ-সহ এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 17 =