ফ্রুটিতে কিলবিলে পোকা – স্ট্র আটকে যেতেই ফাঁস ‘রহস্য’! জামুড়িয়ার বিয়েবাড়িতে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: বৃহস্পতিবার ৯,জুলাই :: একটি সিল করা ফ্রুটি প্যাকেট। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কোনও অস্বাভাবিকতা।

বিয়েবাড়িতে অতিথি আপ্যায়নের জন্য রাখা সেই প্যাকেটই যখন এক শিশুর হাতে তুলে দেওয়া হল, তখনও কেউ আঁচ করতে পারেননি ভিতরে কী অপেক্ষা করছে। স্ট্র ঢোকাতে গিয়েই প্রথম সন্দেহ।

স্ট্র কিছুতেই ভিতরে প্রবেশ করছিল না। প্যাকেটে সামান্য বড় ছিদ্র করতেই সামনে আসে এমন দৃশ্য, যা দেখে শিউরে ওঠেন উপস্থিত সকলেই। অভিযোগ, প্যাকেটের ভিতরে কিলবিল করছিল অসংখ্য জীবন্ত পোকা।

ঘটনাটি পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার পড়াশিয়া কোলিয়ারি এলাকার একটি বিয়েবাড়ির। অভিযোগ সামনে আসতেই ফের প্রশ্নের মুখে প্যাকেটজাত পানীয়ের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা। পরিবার সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানের জন্য প্রায় ১০০টি ফ্রুটি প্যাকেট কেনা হয়েছিল।

অধিকাংশই অতিথিদের মধ্যে বিতরণ করা হলেও কয়েকটি প্যাকেট অবশিষ্ট ছিল। পরে সেই অবশিষ্ট প্যাকেটগুলির একটি একটি শিশুকে দেওয়া হয়। কিন্তু স্ট্র ঢোকাতে গিয়েই সমস্যা দেখা দেয়।

এরপর পরিবারের সদস্যরা প্যাকেটটি পরীক্ষা করতে গিয়ে প্রথমে কালচে রঙের জমাট আস্তরণ দেখতে পান। প্যাকেটটি সম্পূর্ণ কেটে খুলতেই অভিযোগ, ভিতরে অসংখ্য জীবন্ত পোকা নড়াচড়া করছে।
মুহূর্তের মধ্যে বিয়েবাড়িতে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

উপস্থিত অতিথিদের অনেকেই বাকি পানীয় পান না করেই সরিয়ে রাখেন। কীভাবে একটি সিল করা প্যাকেটের ভিতরে এমন ঘটনা ঘটতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয়দের দাবি, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। খাদ্য সুরক্ষা দপ্তরের অবিলম্বে তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ করা উচিত।

উল্লেখ্য, অতীতেও বিভিন্ন সময় প্যাকেটজাত পানীয় বা কোমল পানীয়ের বোতলে টিকটিকি, পোকামাকড় কিংবা অন্যান্য অস্বাভাবিক বস্তু পাওয়ার অভিযোগ সামনে এসেছে। জামুড়িয়ার এই ঘটনায় সেই বিতর্কই ফের উসকে দিল।

তবে এই অভিযোগের সত্যতা, উৎপাদন প্রক্রিয়ার কোনও ত্রুটি, সংরক্ষণে গাফিলতি নাকি অন্য কোনও কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে—তা তদন্তের পরই স্পষ্ট হবে। সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থা এবং খাদ্য সুরক্ষা দপ্তরের তদন্তের দিকেই এখন নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =