জাকির আলী :: সংবাদ প্রবাহ :: বিদেশ ডেস্ক :: রবিবার ১২,জুলাই :: নেপালের জেন-জি আন্দোলনের প্রধান মুখ ছিলেন বলেন্দ্র শাহ। বর্তমানে তিনিই এখন দেশের প্রধানমন্ত্রী পদে। তবে যুব সমাজের অভিযোগ দেশবাসীর মনে যে আশা জাগিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন এতদিনেও তা পূরণ করতে তিনি ব্যর্থ।

চিত্র সৌজন্য :: myRepublica –
গত কয়েকদিন ধরে কাঠমান্ডুর রাজপথে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নেপালের যুবসমাজ। পরপর তিন দিনে গায়ে আগুন দিয়েছেন তিন যুবক। যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সরকারের।
এই অবস্থায় যুব সমাজের পাশে দাঁড়িয়ে বলেন্দ্র সরকারকে নিশানায় নিয়েছে বিরোধী দল নেপালি কংগ্রেস। রাষ্ট্রের ব্যর্থতার জেরেই এই আত্মহত্যা বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর নেপালে জেন জি বিদ্রোহ ভয়াবহ আকার নেওয়ার আগে ২০২৩ সালে একইভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমে আত্মহত্যার ঘটনা ঘটে।
প্রেম আচার্য নামে এক যুবকের মৃত্যুতে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন তৎকালীন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। এবার সমালোচনার মুখে খোদ তিনি।

