নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: সোমবার ১৩,জুলাই :: বেআইনি অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সহ নানা নথিপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ উঠলো গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তার দলবলের বিরুদ্ধে৷ অনুপ্রবেশচক্রের বিরুদ্ধে অভিযোগ হলো বাগদা থানায়৷
জানা গিয়েছে, বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সমীর বিশ্বাস নামে বাগদার রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার এক ব্যক্তি। তার অভিযোগ, বাংলাদেশিদের বেআইনিভাবে ভারতে প্রবেশ করিয়ে স্থানীয় কয়েকজনকে বাবা মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে আধার কার্ড পাসপোর্ট তৈরি করে দিয়েছে চক্রের লোকেরা৷
নিজেদের ভারতীয় বলে পরিচয় দিচ্ছে ৷ অভিযোগ, এর সঙ্গে যুক্ত রয়েছে রণঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তৃণমূল নেতা সম্রাট মন্ডল এবং তার ঘনিষ্ঠ আজাহার মন্ডল সহ কয়েকজন৷ তারা বাংলাদেশীদের বেআইনি নথিপত্র তৈরি করে দেয় বলে অভিযোগ৷
সমীরবাবু কামাল মন্ডল, মাসুদ মন্ডল, আজাহার মন্ডল সহ কয়েকজনের নামে অভিযোগ জানিয়েছেন যারা বাংলাদেশী হয়েও এদেশে এসে স্থানীয় লোকজনদের বাবা মা সাজিয়ে ভোটার তালিকা নাম তুলেছে ৷ পাসপোর্ট তৈরি করে বিদেশে কাজ করছেন ৷
এই ঘটনাকে কেন্দ্র করে রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে৷ বিজেপির বাগদা মন্ডলের সভাপতি দিবাকর তরফদার বলেন, এই এলাকায় অনেকেই রয়েছে যারা বাংলাদেশী অনুপ্রবেশকারী ৷
আমরা ভোটার তালিকায় নাম ধরে ধরে দেখিয়ে দিয়েছি যারা আত্মীয়-স্বজনকে বাবা-মা সাজিয়ে ভারতীয় ভোটার আধার কার্ড তৈরি করেছে ৷ গ্রামের অনেকে জানেন না যে তাদের বাবা-মা সাজিয়ে ভোটার তালিকা নাম তোলা হয়েছে ৷ আর স্থানীয় কয়েকজন এই চক্র চালিয়ে দুর্নীতি করেছে, মোটা মোটা টাকা লুটেছে ৷
যদিও অভিযোগ অস্বীকার করে প্রধানের স্বামী তৃণমূল নেতা সম্রাট মন্ডল বলেন, যাদের কথা বলছে আমি যখন প্রধান ছিলাম তার আগে তারা ভোটার তালিকায় নাম তুলেছে ৷ এসআইআর-এ যারা উপযুক্ত নথি দিয়েছেন তাদের নাম তুলেছে। এর সঙ্গে আমাদের কোনো যোগ নেই ৷ ভিত্তিহীন অভিযোগ করছে আমার নামে।
যদিও গ্রামের একাধিক পরিবারের মহিলারা স্বীকার করে নিয়েছেন, তাদের আত্মীয় হিসেবে নাম ব্যবহার করে একাধিক ব্যক্তি নথি তৈরি করেছে ৷ অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ খতিয়ে দেখছে প্রকৃত সত্য।

