নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কে? পোস্টারে নাম ঘিরে তুমুল জল্পনা – কে এই মেঘনাদ পাল?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: সোমবার ১৩,জুলাই :: নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে এখনও বিজেপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরই মধ্যে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিজেপি নেতা মেঘনাথ পালের নামে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

পোস্টারে লেখা রয়েছে, “নন্দীগ্রামের বিধায়ক হিসেবে মেঘনাথ পালকে দেখতে চাই”, পাশাপাশি “আপনার মূল্যবান ভোটে গড়ে উঠুক শক্তিশালী ও উন্নত নন্দীগ্রাম”- এমন বার্তাও দেওয়া হয়েছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও জানা যায়নি।

তবে এ বিষয়ে বিজেপি নেতা মেঘনাদ পাল জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি একটি সুশৃংখল দল। যা কিছু সিদ্ধান্ত হবে রাজ্য স্তর এবং কেন্দ্র স্তর থেকে। কিছু উৎসাহী কর্মী এমন হয়তো করছেন।এই দলে ব্যক্তি বড় নয় দল বড়, দলের থেকে দেশ বড়। দল থেকে যাকে ঠিক করা হবে সেই পদ্মফুল প্রতীককে সবাই বেছে নেবে।

প্রসঙ্গত, এবারের ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকেও জয়লাভ করায় তাঁকে এই আসনটি ছাড়তে হয়েছে। তবে নন্দীগ্রামের বাসিন্দারা চাইছেন নন্দীগ্রামের হোক বা বহিরাগত, যিনি প্রার্থী হবেন যেন শুভেন্দু অধিকারীর মতো আপন হতে পারেন।

আর কয়েক মাস পরে ২১০ নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন রয়েছে। এবারের নির্বাচনে সেই হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী কে হতে পারে – সেদিকেই তাকিয়ে রয়েছে নন্দীগ্রামের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + seventeen =