১৭৮ বছরের ঐতিহ্য বহন করে আজও চলছে নড়রা গ্রামের রথযাত্রা, ভক্ত-দর্শনার্থীদের ঢল ঐতিহ্যবাহী মেলায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ১৬,জুলাই :: বাঁকুড়া জেলার ২ নম্বর ব্লকের নড়রা গ্রামের ঐতিহ্যবাহী রথযাত্রা আজও শতাব্দীপ্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক হিসেবে সমানভাবে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

বাংলা ১২৫৬ সালে ( ১৮৪৯ খ্রিস্টাব্দ) স্বর্গীয় অম্বিকা চরণ পাত্র ঠাকুরের স্বপ্নাদেশ পাওয়ার পর এই রথযাত্রার সূচনা করেন। সেই থেকে টানা ১৭৮ বছর ধরে নিষ্ঠা ও ভক্তিভরে পালিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী উৎসব।

রথযাত্রা উপলক্ষে নড়রা গ্রামের শ্রীশ্রী রাধাশ্যাম জিউ মন্দির থেকে রাধাশ্যাম জিউ রথে আরোহণ করে মাসির বাড়ি বকুলকুঞ্জে গমন করেন। সেখানে তিনি আট দিন অবস্থান করেন। এই সময় ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

রথযাত্রাকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই মেলায় অংশ নিতে আসেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যাত্রাপালা, কবিগান, কীর্তনসহ বিভিন্ন লোকসংস্কৃতির পরিবেশনা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

ধর্মীয় বিশ্বাস, গ্রামীণ সংস্কৃতি ও শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন হিসেবে নড়রা গ্রামের এই রথযাত্রা আজও এলাকার অন্যতম প্রধান আকর্ষণ এবং বাংলার ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =