সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৭,জুলাই :: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন উত্তরবঙ্গ সফরের আগে নতুন রূপে সেজে উঠছে উত্তরকন্যা। এতদিন ধরে ভবনের বাইরের অংশে থাকা নীল-সাদা রঙের পরিবর্তে এখন করা হচ্ছে সাদা-হলুদ রঙের প্রলেপ। ইতিমধ্যেই রং করার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।
উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতর হিসেবে পরিচিত উত্তরকন্যার এই আকস্মিক রূপ পরিবর্তন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। অমিত শাহের সফরের ঠিক আগে এই পরিবর্তন হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
অনেকেই এর তাৎপর্য নিয়ে প্রশ্ন তুলছেন, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা বা মন্তব্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় সূত্রের দাবি, ভবনের সৌন্দর্যায়ন এবং রক্ষণাবেক্ষণের কাজের অংশ হিসেবেই রং করা হচ্ছে। তবে সফরের প্রাক্কালে এই পরিবর্তন হওয়ায় রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে। যদিও এই মুহূর্তে কোনও নির্দিষ্ট কারণের সরকারি নিশ্চিতকরণ মেলেনি।
উল্লেখ্য, অমিত শাহের উত্তরবঙ্গ সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরকদমে চলছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামোগত কাজ ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে। তারই মধ্যে উত্তরকন্যার নতুন রূপ বিশেষভাবে নজর কেড়েছে সাধারণ মানুষেরও।
প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কারণ জানানো না হলেও, সফরের আগে উত্তরকন্যার এই নতুন সাজ যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

