সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৭,জুলাই :: আই এন টি ইউ সি -এর শিলিগুড়ি টাউন ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে প্রায় ২,০০০ শ্রমিক ও কর্মী সংগঠনে যোগ দিয়েছেন বলে দাবি নেতৃত্বের।
BSNL কর্মী সংগঠন, ই-রিকশা (টোটো) ইউনিয়ন, লেবার ইউনিয়ন এবং গ্যারেজ ইউনিয়নের সদস্যরা এদিন আই এন টি ইউ সি এর পতাকা হাতে নেন।
আই এন টি ইউ সি নেতাদের দাবি, নব যোগদানকারীদের একটি বড় অংশ আগে তৃণমূল কংগ্রেস-সমর্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি শিলিগুড়ি টাউন ব্রাঞ্চের সভাপতি রাকেশ পাল এবং দার্জিলিং জেলা আই এন টি ইউ সি সভাপতি কৌশিক চক্রবর্তী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাকেশ পাল বলেন, টোটো চালকদের রুট, স্ট্যান্ড, পারমিট ও জীবিকার নিরাপত্তাসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে আই এন টি ইউ সি আন্দোলন চালিয়ে যাবে। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় সংগঠন সবসময় তাদের পাশে থাকবে বলেও তিনি জানান।
অন্যদিকে কৌশিক চক্রবর্তী বলেন, শ্রমিকদের ঐক্যই আই এন টি ইউ সি -এর সবচেয়ে বড় শক্তি। বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের এই বিপুল যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আই এন টি ইউ সি নেতৃত্বের দাবি, এই মেগা যোগদান শ্রমিক সংগঠনের সাংগঠনিক শক্তিকে আরও বাড়িয়ে তুলবে এবং ভবিষ্যতে শ্রমিকদের স্বার্থে আরও সক্রিয়ভাবে কাজ করা হবে।

