গ্যাংটক সড়কে সাত মাইলে সেনার গাড়ি দুর্ঘটনা আহত তিন জওয়ান, প্রাণ গেল সেনা পরিবারের তিন বছরের শিশুর

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৯,জুলাই :: শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশে যাওয়ার পথে রবিবার সাত মাইল এলাকায় একটি সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় সেনা পরিবারের এক তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।

পাশাপাশি তিনজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেনাবাহিনীর গাড়িটি সিকিমমুখী জাতীয় সড়ক ধরে গ্যাংটকের দিকে যাচ্ছিল। সাত মাইল এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে মুখোমুখি ধাক্কা মারে ।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ, সেনাবাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সেনা পরিবারের তিন বছরের শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আহত তিন সেনা সদস্যের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক অনুমান, পাহাড়ি রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারানো অথবা যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হচ্ছে না।

ঘটনার পর কিছু সময়ের জন্য শিলিগুড়ি-গ্যাংটক সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকারী দল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এই মর্মান্তিক দুর্ঘটনায় সেনা পরিবারের শিশুর অকালমৃত্যুতে সেনাবাহিনী, প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 12 =