৭০০ কোটি টাকার বিনিয়োগে বাংলায় দুগ্ধশিল্পে নতুন দিগন্ত

জকির আলী  :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ১৯,জুলাই :: পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের পথে আর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমুলের হাওড়ার সাকরাইলে নতুন দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কারখানার উদ্বোধন হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে।

প্রায় ৭০০ কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা এই প্রকল্পকে রাজ্যের দুগ্ধশিল্পে এক নতুন মাইলফলক বলে উল্লেখ করেছেন উপস্থিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এই প্রকল্প শুধু একটি কারখানা নয়, বরং বাংলার হাজার হাজার দুধ উৎপাদক কৃষকের আর্থিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি করবে।

তাঁর কথায়, সমবায়ভিত্তিক দুগ্ধ শিল্পের সফল মডেল হিসেবে আমুল গোটা দেশে পরিচিত, আর পশ্চিমবঙ্গেও সেই সাফল্যের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আরও বিনিয়োগ টানতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

তাঁর মতে, এই কারখানা চালু হলে স্থানীয় দুধ উৎপাদকরা ন্যায্য মূল্য পাবেন, পাশাপাশি বহু মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কারখানায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে দই, লস্যি, ছাছ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হবে। ভবিষ্যতে উৎপাদন ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

শিল্পমহলের মতে, এই প্রকল্প চালু হলে পূর্ব ভারতের বাজারে আমুলের উপস্থিতি আরও শক্তিশালী হবে এবং বাংলা দুগ্ধ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক, শিল্পপতি এবং দুগ্ধ সমবায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষকদের একাংশ এই প্রকল্পকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, এর ফলে দুধ সংগ্রহ, সংরক্ষণ এবং বিপণনের ক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে উঠবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

অর্থনীতিবিদদের মতে, কৃষিভিত্তিক শিল্পে এই ধরনের বৃহৎ বিনিয়োগ পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশকে আরও ত্বরান্বিত করবে এবং রাজ্যের শিল্পায়নে নতুন গতি আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =