মায়াপুর ইসকনে মহাসমারোহে অনুষ্ঠিত হলো উল্টোরথ। উপস্থিত দেশ-বিদেশের অসংখ্য ভক্ত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: শুক্রবার ২৪,জুলাই :: নদিয়ার মায়াপুর ইস্কনে মহাসমারোহের মধ্য দিয়ে পালিত হলো জগন্নাথদেবের উল্টোরথ তথা পুনঃরথ যাত্রা উৎসব।

সাত দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে অবস্থানের পর ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রাকে সঙ্গে নিয়ে নিজ মন্দিরে ফিরে গেলেন প্রভু জগন্নাথদেব।

এই শুভক্ষণকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে সমগ্র মায়াপুর ধাম। এদিন সকাল থেকেই মন্দির চত্বরে বিশেষ পূজা, বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা আনুমানিক ১টা নাগাদ গুন্ডিচা মন্দির থেকে শুরু হয় ঐতিহ্যবাহী পাহন্ডি বিজয়। সেখান থেকে একে একে শ্রীশ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ তিনটি সুসজ্জিত রথে আরোহন করানো হয়। রথে বিরাজমান হওয়ার পর আরতি, কীর্তন এবং বিভিন্ন বৈদিক আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

এরপর বেলা আনুমানিক ৩টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয় উল্টোরথ যাত্রা। হাজার হাজার ভক্ত “হরিবোল” ও “জয় জগন্নাথ” ধ্বনির মধ্যে রশি টেনে রথকে মূল মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যান। ভক্তদের উচ্ছ্বাস, কীর্তনের ধ্বনি ও আধ্যাত্মিক আবহে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।

উৎসব উপলক্ষে ইস্কন মায়াপুর কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মায়াপুর ধাম এদিন পরিণত হয় এক মিলনক্ষেত্রে।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রার সাত দিন পর অনুষ্ঠিত উল্টোরথ বা পুনঃরথ যাত্রার মাধ্যমে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন।

সেই প্রাচীন ঐতিহ্য মেনেই প্রতিবছরের মতো এবারও ইস্কন মায়াপুরে ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে এই মহোৎসব পালিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =