সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৪,জুলাই :: খুঁটি পুজোর মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করল শিলিগুড়ির সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন। এবার তাদের দুর্গাপুজোর ৭২তম বর্ষ।
উদ্যোক্তাদের দাবি, এবারের পুজো শুধু মণ্ডপসজ্জা নয়, সমাজের প্রতি একটি ইতিবাচক বার্তাও বহন করবে।
এবারের পুজোর থিম ‘সুতোর টানে’। এই থিমের মাধ্যমে সমাজে নারীর অপরিসীম অবদান, পরিবার ও সম্পর্কের বন্ধন এবং জীবনের অদৃশ্য সূত্রগুলিকে শিল্পের মাধ্যমে তুলে ধরা হবে। মণ্ডপ ও প্রতিটি শিল্পকর্মে সেই ভাবনাই ফুটে উঠবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
পুজো উপলক্ষে শুধু ধর্মীয় আয়োজন নয়, থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি। আয়োজকদের লক্ষ্য, উৎসবের আনন্দের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া।
বিশেষ আকর্ষণ হিসেবে পুজোর মঞ্চে পরিবেশনা করবেন শিলিগুড়ির স্থানীয় শিল্পীরা। তাদের অংশগ্রহণে প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। খুঁটি পুজোর দিন থেকেই উৎসবের আবহে মেতে উঠেছেন ক্লাবের সদস্য ও এলাকার বাসিন্দারা।
৭২ বছরের ঐতিহ্যকে ধরে রেখে নতুন ভাবনা ও সামাজিক বার্তার সমন্বয়ে এবারের দুর্গাপুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন।

