নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ২৫,জুলাই :: দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ও নিট প্রশ্নফাঁসকে ঘিরে আন্দোলনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করলেন একদল মহিলা।
শুক্রবার সকালে সিতাই বিধানসভার তামাগুড়ি এলাকা থেকে তাঁরা পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে পৌঁছন। প্রাণের ঠাকুর মদনমোহনদেবের চরণে অঞ্জলি দিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেন তাঁরা।
পুজোয় অংশ নেওয়া যূথিকা বর্মণ বলেন, ‘‘দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা চাই, সেই সব চক্রান্ত ব্যর্থ হোক।
দেশের উন্নয়ন ও সুশাসনের ধারা অব্যাহত থাকুক। সেই প্রার্থনাই জানাতে মদনমোহনদেবের কাছে এসেছি।’’ তিনি আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে দেশের ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। তাই রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণ এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনাতেই এই পুজো।
উল্লেখ্য, নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন-বিক্ষোভ চলছে। সেই আবহেই কোচবিহারের এই বিশেষ পুজো রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে। যদিও এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ বলেই দাবি করেছেন উদ্যোক্তারা

