জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১৮,আগস্ট :: বিহারের সিওয়ানে ছাত্র বিক্ষোভের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় বিহার সরকার জানিয়েছে, জেলা পুলিশের District Intelligence Unit (DIU)-এর এক কনস্টেবলই ওই অস্ত্র থেকে চার রাউন্ড গুলি চালিয়েছিলেন।
সরকারের দাবি, বিক্ষোভের সময় ওই পুলিশকর্মী ভিড়ের মধ্যে আটকে পড়েছিলেন। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে পাথর ছুড়ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার উদ্দেশ্যেই তিনি আকাশের দিকে চার রাউন্ড গুলি চালান। সরকারের দাবি, ওই গুলিতে কেউ আহত হননি।
ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছিল। তবে প্রশ্ন উঠেছে, সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় তাঁর হাতে একে-৪৭-এর মতো প্লাটুন-স্তরের অস্ত্র কেন ছিল। সুপ্রিম কোর্টে সরকারও জানিয়েছে, এই ধরনের অস্ত্র সাধারণত বিশেষ অভিযানে ব্যবহারের জন্য।
২৫ জুলাইয়ের বিক্ষোভ ঘিরে সিওয়ান-সহ বিহারের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। সরকারের হলফনামা অনুযায়ী, ২২ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ৬৯টি এফআইআর দায়ের এবং প্রায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়। সংঘর্ষে বহু পুলিশকর্মীও আহত হন।
তবে বিরোধীদের প্রশ্ন, কে ওই কনস্টেবলকে একে-৪৭ ব্যবহারের অনুমতি দিয়েছিলেন এবং গুলি চালানোর সিদ্ধান্তের দায় কার? এখন সেই প্রশ্নই তদন্তের কেন্দ্রবিন্দু। সিওয়ানের এই ঘটনা পুলিশি বলপ্রয়োগ ও অস্ত্র ব্যবহারের নীতি নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে।

