নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খরগপুর :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: গত তিন মাসে খড়্গপুর শহরে ঘটে যাওয়া একাধিক ছিনতাইয়ের ঘটনার কিনারা করল খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছ’টি সোনার হার।
বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, মে থেকে আগস্ট মাসের মধ্যে খড়্গপুর শহরের বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
তদন্তে নেমে পুলিশ একটি ছিনতাইকারী গ্যাংয়ের সন্ধান পায়। মোট ছ’টি ছিনতাইয়ের ঘটনায় ওই গ্যাংয়ের সদস্যরা জড়িত ছিল বলে জানা গিয়েছে।
পুলিশ সুপার জানান, ধৃতদের মধ্যে একজনের নাম সুরজ কাহার। বাকি দু’জন নাবালক। প্রত্যেকেই খড়্গপুর শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া ছ’টি সোনার হার ছিনতাইয়ের ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

