নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের তপোবন সিটির বাসিন্দা গতকাল রাতেও হয়েছিল শেষ কথা, আজ সকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ দুর্গাপুরের তপোবন সিটির বাসিন্দা এক পরিবারের সদস্যরা। গতকাল রাত পর্যন্ত তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে ফোনে আর কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না।

জানা গিয়েছে, তপোবন সিটির ৫২ নম্বর, ৯-ডি টাওয়ারের বাসিন্দা অরিন্দম গাঙ্গুলি, তাঁর স্ত্রী মৌসুমী গাঙ্গুলি এবং তাঁদের মেয়ে অঙ্কিতা গাঙ্গুলি নেপালে ঘুরতে গিয়েছিলেন। অরিন্দম গাঙ্গুলি ও তাঁর স্ত্রী মৌসুমী গাঙ্গুলি ডিভিসির অবসরপ্রাপ্ত কর্মী বলে জানা গিয়েছে। তাঁদের মেয়ে অঙ্কিতা বেঙ্গালুরুতে কর্মরত।

প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ জনের একটি ট্রাভেলার গ্রুপ কলকাতা থেকে নেপালে ঘুরতে গিয়েছিল। সেই দলে দুর্গাপুরের ছয়জন ছিলেন।

গত ২১ আগস্ট দুর্গাপুর থেকে রওনা দিয়ে ২২ আগস্ট কলকাতা থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন তাঁরা। প্রথমে দু’দিন কাঠমান্ডুতে থাকার কথা ছিল তাঁদের।

পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল রাতেও তাঁদের কথা হয়েছিল। এমনকি তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও দেখা যায়। কিন্তু আজ সকাল থেকে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।

এদিকে খবর পেয়ে দুর্গাপুরের মোলানদিঘি ফাঁড়ির পুলিশ তপোবন সিটিতে এসে পরিবারের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতির খোঁজ নেয়। নেপালের বিপর্যয়ের মধ্যে পরিবারের তিন সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

এখন পরিবারের একটাই অপেক্ষা—দ্রুত যেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায় এবং তাঁরা নিরাপদে রয়েছেন বলে খবর আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =