নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: রাজ্যে চলছে খাদ্য সুরক্ষা সপ্তাহ। বনগাঁর একটি সস কারখানা সিল করে মালিককে গ্রেপ্তারের পর ফের এন্টি কোরাপশন ব্যুরো, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি),খাদ্য সুরক্ষা দপ্তর এবং বাগদা পুলিশ বাগদা ব্লক প্রশাসন যৌথ অভিযান চালানো হয় ।
বাগদা থানার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকার কৃষাণু ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায়৷ সেখান থেকে ব্যাপক পরিমাণে নষ্ট সস, পচা আলু, বিভিন্ন প্রকার পচা সবজি উদ্ধার করল৷ যেগুলি সস কাসুন্দি তৈরি করার জন্য রাখা হয়েছিল।
যদিও কারখানার মালিক নির্মল বিশ্বাস পালিয়ে যায় বলে জানা গিয়েছে। আধিকারিকেরা ওই কারখানায় গিয়ে দেখতে পান ড্রাম ভর্তি পচা আলু, ছত্রাক জন্মানো সসের কন্টেনার। এরপরেই ওই কারখানার সমস্ত সস, কাসুন্দি, ভিনিগার, চাউমিন সহ প্যাকেটে ভর্তি মাল বাজেয়াপ্ত করা হয়েছে।
বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটি। সেই সঙ্গে ওই কারখানার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র এবং লাইসেন্স খতিয়ে দেখছেন আধিকারিকেরা।

