নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৫,সেপ্টেম্বর :: মালদার ভূতনীতে বাঁধ ভেঙে এখনও গঙ্গার জল ঢুকছে হু হু করে। আর সেই জলেই প্লাবিত হল ভূতনীর বিস্তীর্ণ এলাকা। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হল ভূতনীতে। বানভাসী মানুষজনের দুর্ভোগ, দুর্গতি উঠল চরমে।
এই পরিস্থিতিতে শনিবার ভূতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। সঙ্গে ছিলেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল, বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলি, নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে গোটা ভূতনী এলাকা ঘুরে বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন।
বানভাসী মানুষজন কোথায়, কীভাবে রয়েছেন সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন এবং দুর্গতদের ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করা সহ তাদের মাঝে পর্যাপ্ত ত্রাণ পৌছে দেওয়ার নির্দেশ দেন প্রশাসনিক অফিসার দের।

