রাতভর রায়দিঘিতে ভয়াবহ কাণ্ড – আগুনে পুড়ে ছাই ৩ কোটি টাকার কাঠ

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: রবিবার ৮,মার্চ :: রায়দিঘিতে রাতভর ভয়াবহ আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি কাঠের মিল। প্রায় ৩ কোটি টাকার কাঠ পুড়ে ছাই আগুনে। আগুনের লেলিহান শিখা বহু দূর থেকে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, রাতে দোকান বন্ধ করে চলে যায় মিলের মালিক অমূল্য গায়েন। তারপর রাতেই কোনোভাবে হঠাৎ আগুন লেগে যায় মিলটিতে। যদিও শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।ঘটনার খবর পেয়ে আশপাশের ব্যাবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষজন ছুটে আসে। তারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর দেওয়া হয় দমকলে। জয়নগর থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রায় তিন কোটি টাকার সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মিলের মালিক অমূল্যবাবু। টানা প্রায় ৭ ঘন্টার চেষ্টায় ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =