নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: রবিবার ৮,মার্চ :: রাজ্যজুড়ে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে সামনে রেখে মেখলিগঞ্জে শক্তি প্রদর্শনে নামল ভারতীয় জনতা যুব মোর্চা।
শনিবার যুব মোর্চার উদ্যোগে মেখলিগঞ্জ বিধানসভা এলাকায় আয়োজিত হয় এক বিশাল বাইক র্যালি, যার নেতৃত্ব দেন যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সহ-সভাপতি জ্যোতি বিকাশ রায়।
এদিন মেখলিগঞ্জ পেট্রোল পাম্প থেকে র্যালিটির সূচনা হয়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত এই কর্মসূচিতে প্রায় পাঁচশোরও বেশি বাইক অংশ নেয়। কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে বাইক মিছিলটি মেখলিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জ বিধানসভা যুব মোর্চার কনভেনর অমলেশ রায় সহ স্থানীয় বিজেপি মন্ডল সভাপতি এবং জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব।
শহর পরিক্রমা শেষে মিছিলটি জয়ী সেতু পেরিয়ে হলদিবাড়ি শহরে প্রবেশ করে। সেখানেও বাইক র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে সাধারণ মানুষের নজর কেড়ে নেয়। পরে হলদিবাড়িতে গিয়ে এই কর্মসূচির সমাপ্তি হয়।

