পুরনিগম না ভেঙ্গে উন্নয়নের বার্তা দিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৫,মে :: শিলিগুড়ি পুরনিগমে রাজনৈতিক অস্থিরতার জল্পনার মধ্যেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিজেপি নেতা শংকর ঘোষ । তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই মুহূর্তে শিলিগুড়ি পুরো করপোরেশনএর বোর্ড ভেঙে দেওয়ার কোনও পরিকল্পনা নেই।

বরং নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে সব পক্ষকে নিয়ে সহযোগিতার ভিত্তিতে কাজ করার পক্ষেই মত দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি পুরনিগমে প্রশাসনিক টানাপোড়েন ও রাজনৈতিক দ্বন্দ্ব ঘিরে বোর্ড ভেঙে দেওয়ার জল্পনা তীব্র হয়েছিল।

সেই প্রেক্ষিতে শঙ্কর ঘোষ বলেন, “মানুষের স্বার্থে স্থিতিশীল প্রশাসন প্রয়োজন। বোর্ড ভাঙার রাজনীতি না করে উন্নয়ন ও পরিষেবার দিকে নজর দেওয়া উচিত।”

তিনি আরও জানান, শহরের নিকাশি ব্যবস্থা, পানীয় জল, রাস্তা মেরামতি সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য সকল কাউন্সিলর ও প্রশাসনিক আধিকারিকদের একসঙ্গে কাজ করতে হবে।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নাগরিক পরিষেবা নিয়ে কোনও আপস করা হবে না বলেও তিনি আশ্বাস দেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্যে শিলিগুড়ির বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে।

বিরোধী দলগুলির তরফেও এই বার্তাকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে, যদিও তারা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তুলেছে। বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত শিলিগুড়িতে স্থিতিশীল পুর প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই জায়গায় শঙ্কর ঘোষের এই ‘সহযোগিতার বার্তা’ আগামী দিনে পুরনিগমের কাজকর্মে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর শহরবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 14 =