অজয়ের গ্রাসে ভাঙনের আতঙ্ক – উদ্বেগে দিন কাটছে বর্ধমানের কেতুগ্ৰামের গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: নিম্নচাপের জেরে টানা বৃষ্টি আর বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ক্রমশ বাড়ছে অজয় নদীর জলস্তর। আর জল বাড়তেই নতুন করে আতঙ্কের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমানের, কেতুগ্রাম ব্লকের পালিটা অঞ্চলের নারেঙ্গা গ্রামে।

অজয় নদীর তীরবর্তী বাঁধের একাধিক অংশে ধস নামতে শুরু করায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গেই বাঁধের দুর্বল অংশে মাটি ধসে যাওয়ার ঘটনা সামনে এসেছে।

ফলে যে কোনও সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অজয় নদীর এই বাঁধের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতির কাজ হয়নি।

প্রতি বছর বর্ষার সময় নদীর জল বাড়লেই বাঁধের দুর্বল অংশগুলি নিয়ে আতঙ্ক তৈরি হয়। বাঁধের ক্ষয় ও ধসের কারণে শুধু নদীভাঙনের আশঙ্কাই নয়, বাঁধের উপর দিয়ে যাতায়াতও ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে একই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্থায়ী ও শক্তপোক্ত মেরামতির ব্যবস্থাও করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =