অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে দাসপুর-১ বিডিও অফিসে বিক্ষোভ, জয়েন্ট বিডিওকে ঘিরে ক্ষোভ; পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাসপুর :: শুক্রবার ৩,জুলাই :: অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার দাসপুর-১ ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসে ব্যাপক বিক্ষোভ দেখালেন বহু মহিলা উপভোক্তা। বিক্ষোভ চলাকালীন জয়েন্ট বিডিওকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন তাঁরা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে থাকা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি ঘোষণা অনুযায়ী ১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।কিন্তু এখনও পর্যন্ত বহু যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়েনি। বারবার গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করেও সন্তোষজনক উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে এদিন তাঁরা বিডিও অফিসে বিক্ষোভে সামিল হন।

এদিন সকাল থেকেই বিপুল সংখ্যক মহিলা বিডিও অফিস চত্বরে জড়ো হন। পরে তাঁরা জয়েন্ট বিডিওকে ঘিরে ধরে দ্রুত সমস্যার সমাধান এবং বকেয়া টাকা অবিলম্বে অ্যাকাউন্টে পাঠানোর দাবি জানান। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ও স্লোগান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, অবিলম্বে দ্বিতীয় কিস্তির টাকা না পেলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। প্রশাসনের কাছে তাঁদের দাবি, সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে দ্রুত টাকা পৌঁছে দেওয়া হোক এবং কেন এতজন বঞ্চিত হলেন, তারও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হোক।

ঘটনাকে কেন্দ্র করে দাসপুর-১ বিডিও অফিস চত্বরে বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 18 =