সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৭,আগস্ট :: আজ থেকে রাজ্যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া ফের শুরু হয়েছে। সোমবার নবান্নে এনিয়ে সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা।
বৈঠকে জানানো হয়েছে, আগামী ২০ অগাস্টের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে মোট ৪,৩৫০ কোটি টাকা পৌঁছে যাবে ।
প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে । বাদ পড়ার প্রধান কারণ আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ না থাকা।
প্রায় ১০ লক্ষ আবেদন এই একটি কারণেই বাতিল হয়েছে। এছাড়া সরকারি চাকরিজীবী হওয়া, আয়কর দেওয়া, পারিবারিক বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হওয়া অথবা ১০ হাজার টাকার বেশি মাসিক আয় থাকায় অনেকে বাদ পড়েছেন।
সমস্যা সমাধানে বিডিও-দের নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকের সঙ্গে কথা বলে এলাকায় বিশেষ শিবির করতে। বাদ পড়া আবেদনকারীরা ২০ অগাস্ট থেকে নির্দিষ্ট পোর্টালে ‘সোশ্যাল রেজিস্টার’ অপশনে গিয়ে পুনরায় আবেদন বা অভিযোগ জানাতে পারবেন।

