নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গুয়াহাটি :: সোমবার ১৭,আগস্ট :: প্রথম স্ত্রীকে আইনি প্রক্রিয়ায় ডিভোর্স না দিয়ে বা প্রতারিত করে পুনরায় বিয়ে করলে রাজ্য সরকারি কর্মীদের বেতনের ২০ শতাংশ কেটে নেওয়া হবে । আর সেই অর্থ সরাসরি জমা হবে বঞ্চিত প্রথম স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে।
এমনই কঠোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী । এই সুবিধা পেতে ভুক্তভোগী প্রথম স্ত্রীকে সরকারের কাছে একটি আবেদন জানাতে হবে। আদালত বা প্রশাসনিক স্তরে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতনের এই কাটছাঁট চালু থাকবে।
একই সঙ্গে সরকারি চাকরির নিয়মাবলী ও প্রচলিত আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে পৃথক আইনি পদক্ষেপও নেবে রাজ্য ।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইঙ্গিত দিয়েছেন, বেসরকারি ক্ষেত্রের কর্মীদেরও এই নিয়মের আওতায় আনতে একটি পৃথক আইন প্রণয়নের চিন্তা ভাবনা চলছে। এর ফলে বৈবাহিক প্রতারণার শিকার হওয়া যে কোনও নারী দ্রুত আর্থিক সহায়তা পাবেন।

