অমিত শাহের বার্তা – “বাংলা ভেঙে নয়, সংবিধানের পথেই মিটবে গোর্খা সমস্যা”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গারামপুর :: মঙ্গলবার ১৪,এপ্রিল :: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোর্খা সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলা ভেঙে কোনও সমাধান হবে না। সংবিধানের কাঠামোর মধ্যেই গোর্খা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।”

সভামঞ্চ থেকে অমিত শাহ আরও জানান, কেন্দ্র সরকার সবসময়ই পাহাড়ের মানুষের উন্নয়ন ও অধিকারের প্রশ্নে সংবেদনশীল। তিনি বলেন, “গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ও সমস্যার প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে কোনওভাবেই রাজ্যের অখণ্ডতা নষ্ট করে সমাধান করা হবে না।”

তিনি রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করে অভিযোগ করেন যে, পাহাড়ের সমস্যা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছে। তাঁর কথায়, “রাজনৈতিক স্বার্থে সমস্যাকে জিইয়ে রাখা হয়েছে, সমাধানের কোনও আন্তরিক উদ্যোগ নেওয়া হয়নি।” কেন্দ্রের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন তিনি।

এই সভায় উপস্থিত জনতার উদ্দেশে শাহ আরও বলেন, “সংবিধানের ভিত মজবুত। তার মধ্যেই সকলের অধিকার রক্ষা করা সম্ভব। আমরা বিভাজনের রাজনীতি করি না, উন্নয়নের রাজনীতি করি।” রাজনৈতিক মহলের মতে, পাহাড় ও সমতলের সমীকরণকে সামনে রেখে অমিত শাহের এই বক্তব্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।

বিশেষ করে উত্তরবঙ্গের রাজনীতিতে গোর্খা ইস্যু দীর্ঘদিন ধরেই স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত।
সভাকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক সমর্থকের উপস্থিতিতে জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

গঙ্গারামপুরের মঞ্চ থেকে অমিত শাহের এই মন্তব্য স্পষ্ট করে দিল, কেন্দ্র সরকার গোর্খা সমস্যার সমাধানে সংবিধানিক পথেই এগোতে চাইছে, কোনওভাবেই রাজ্য বিভাজনের পথে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 16 =