অ্যাম্বুলেন্স চালককে মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৭,আগস্ট :: তোলার টাকা দিতে অস্বীকার করায় এক অ্যাম্বুলেন্স চালককে মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরির বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। আহত অ্যাম্বুলেন্স চালক নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে কর্মরত অ্যাম্বুলেন্স চালক মানিক ধীবরের অভিযোগ, তৃণমূলের শাসনাকালে তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে মাসোহারা দিতে হতো প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরিকে। তাঁর দাবি, ভয়ে তিনি প্রতি মাসে অনলাইনের মাধ্যমে ওই টাকা পাঠাতেন।

মানিক ধীবরের আরও অভিযোগ, সরকার পরিবর্তনের পর তিনি আর ওই টাকা দিতে রাজি না হওয়ায় সম্প্রতি মদ্যপ অবস্থায় অভিযুক্ত তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন। এমনকি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইও তাঁকে রক্ষা করতে পারবেন না বলে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরি।

এদিকে, ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তাঁর বক্তব্য, অভিযোগের সত্যতা মিললে অবিলম্বে পুলিশকে অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত।

ইতিমধ্যেই আহত অ্যাম্বুলেন্স চালক ই-মেলের মাধ্যমে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন দেখার, অভিযোগের ভিত্তিতে পুলিশ কী তদন্ত করে এবং অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =