আদি ও নব্যের সংঘাত, হাবড়ায় বাড়ির সামনেই আক্রান্ত বিজেপির ওয়ার্ড সভাপতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: মঙ্গলবার ১৪,জুলাই :: আদি ও নব্যের সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হাবড়া। দলের ওয়ার্ড সভাপতি আক্রান্ত হলেন বাড়ির সামনে। আক্রান্তের নাম অলোক সাহা।

তিনি দলের হাবড়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি পদে রয়েছেন । ঘটনায় দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, অলোকবাবু দীর্ঘদিন ধরে বিজেপি করছেন। বছর দুয়েক আগে দল তাঁকে পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব দিয়েছে। বিধানসভা নির্বাচনের পর হাবড়ার বিভিন্ন এলাকায় দলের মধ্যে আদি ও নব্য বিজেপির লড়াই শুরু হয়েছে।

দলের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তা নিয়ে কয়েকটি জায়গায় ইতিমধ্যে দলীয় কর্মীদের মধ্যে আড়াআড়ি বিভাজন দেখা দিয়েছে। রবিবার রাতে অলোকবাবু হাবড়ার জয়গাছি রেলগেট চত্বরে দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন।

অভিযোগ, সেই সময় দলের অন্য গোষ্ঠীর কয়েকজন কর্মী তাঁকে উদ্দেশ্য করে গালাগাল করছিলেন। আলোকবাবুর ছেলে অনেক সেখানে দাঁড়িয়ে ছিলেন। তিনি ওই যুবকদের আচরণের প্রতিবাদ করেন। তখন দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় গোলমাল তখনকার মতো মিটে যায়।

রাতে খাওয়া-দাওয়া সেরে অলোকবাবু বাড়ির সামনে রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। অভিযোগ, সেই সময় দলের অন্য গোষ্ঠীর কয়েকজন যুবক তার উপরে চড়াও হয়।

রাস্তার ওপরে ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত অলোকবাবুর ছেলে অনীক হাবড়া থানায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে। অনীক বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন।

তিনি পাঁচ নম্বর ওয়ার্ডের দলের সভাপতি। নতুন যারা বিজেপি হয়েছেন, রাতে তারাই আমার বাবার উপর হামলা চালিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =