নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: রবিবার ২৩,আগস্ট :: ‘সার্ভিস, স্যাক্রিফাইস অ্যান্ড ব্রাদারহুড’—এই আদর্শকে সামনে রেখে মানবিক উদ্যোগ নিল ৩৪ ব্যাটালিয়ন সশস্ত্র সীমা বল (SSB)। শনিবার হিন্দুস্তান মোড়ে বাহিনীর প্রাঙ্গণে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির।
কম্যান্ড্যান্ট শ্রী মনোজ কুমার চাঁদের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে বাহিনীর আধিকারিক ও জওয়ানদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য এবং SSB পরিবারের ‘সন্দীক্ষা’ সদস্যরা অংশ নেন।
জওয়ানরা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করা হয়।
একটি বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বিতীয় কম্যান্ড্যান্ট শ্রী বিকাশ কুমার সিং, উপ-কম্যান্ড্যান্ট শ্রী পঙ্কজ কিশোর, উপ-কম্যান্ড্যান্ট শ্রী অভিনব কুমার-সহ অন্যান্য আধিকারিক, চিকিৎসক ও জওয়ানরা।
কম্যান্ড্যান্ট শ্রী মনোজ কুমার চাঁদ রক্তদাতা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেওয়া পরিবারগুলিকে উৎসাহিত করেন। তিনি জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জওয়ান ও তাঁদের পরিবারের স্বাস্থ্য ও কল্যাণও বাহিনীর অন্যতম অগ্রাধিকার।
এই উদ্যোগের মধ্য দিয়ে কর্তব্য পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও সেবার বার্তাও তুলে ধরল ৩৪ ব্যাটালিয়ন SSB।

